ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় পাঁচটি ইউনিয়ন পরিষদ ভবন মেরামতের জন্য ৫০ লাখ টাকা সরকারি বরাদ্দের তথ্য পাওয়া গেছে। প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি বরাদ্দের তালিকায় প্রথম ও দ্বিতীয় কিস্তির অর্থ পরিশোধের তথ্যও রয়েছে।
অথচ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আমিনুল ইসলাম সুমনের দাবি, ইউনিয়ন পরিষদ ভবন মেরামতের কোনো বরাদ্দই আসেনি। সরকারি বরাদ্দের তালিকার তথ্যের সঙ্গে প্রকৌশলীর এমন বক্তব্যের অমিল নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
সরকারি বরাদ্দের তালিকা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ ভবন মেরামতের জন্য মোট ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্ত ইউনিয়নগুলো হলো—মনিয়ন্দ, ধরখার, মোগড়া, আখাউড়া উত্তর ও আখাউড়া দক্ষিণ। প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য ১০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
তালিকায় আরও দেখা যায়, পাঁচটি ইউনিয়নের বিপরীতে প্রথম ও দ্বিতীয় কিস্তির অর্থ পরিশোধের তথ্য রয়েছে। অথচ এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন বলেন, ইউনিয়ন পরিষদ ভবন মেরামতের কোনো বরাদ্দই আসেনি।
এখন প্রশ্ন উঠেছে, সরকারি বরাদ্দের তালিকায় ৫০ লাখ টাকা বরাদ্দ এবং দুই কিস্তির অর্থ পরিশোধের তথ্য থাকার পরও প্রকৌশলী কেন বলছেন বরাদ্দ আসেনি? সরকারি তালিকার তথ্য কি তাহলে ভুল? বরাদ্দের বিষয়ে প্রকৌশলী আমিনুল ইসলাম সুমনের বক্তব্যে অসংগতি লক্ষ্য করা গেছে।
সরকারি তালিকায় অর্থ পরিশোধের তথ্য থাকলে সেই অর্থ কোন প্রক্রিয়ায় ছাড় হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর বরাদ্দের বর্তমান অবস্থা কী, তা পরিষ্কার হওয়া প্রয়োজন। পাঁচটি ইউনিয়নের জন্য বরাদ্দ করা ৫০ লাখ টাকা ছাড় ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাবও জনসমক্ষে প্রকাশের দাবি উঠেছে।
এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি যোগদানের পর এ ধরনের বরাদ্দের কোনো চিঠি পাননি।
সচেতন মহলের প্রশ্ন, ২০২৫-২৬ অর্থবছরের সরকারি বরাদ্দের তালিকায় পাঁচটি ইউনিয়নের জন্য ৫০ লাখ টাকা দেখানো হয়েছে এবং প্রথম ও দ্বিতীয় কিস্তির অর্থ পরিশোধের তথ্যও রয়েছে। তাহলে উপজেলা প্রকৌশলীর দাবি অনুযায়ী বরাদ্দ না আসার বিষয়টি কীভাবে সম্ভব?
সরকারি নথি ও সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্যের এই পার্থক্যের প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং বরাদ্দের অর্থ ছাড়ের সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন সচেতন মহল।