ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও আটক করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটি থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শান্দি আরা চার রাস্তার মোড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. রাকিবুল ইসলাম এবং রংপুর জেলার বদরগঞ্জ থানার কুতুবপুর খিয়ারপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে মো. নুরুল ইসলাম মিয়া।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও পিকআপ গাড়িটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।