নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর থেকেই পরবর্তী বন্ডকন্যা কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তবে এ চরিত্রে অভিনয়ের বিষয়ে কোনো আগ্রহ নেই ফরাসি অভিনেত্রী লেয়া সেদুর।

ড্যানিয়েল ক্রেগের বিপরীতে ‘স্পেক্টর’ ও ‘নো টাইম টু ডাই’ সিনেমায় মেডেলিন সোয়ান চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন লেয়া সেদু। সম্প্রতি ‘দ্য রানথ্রু’ পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, পরবর্তী বন্ডকন্যা হিসেবে কাকে দেখতে চান তিনি।

জবাবে লেয়া সেদু বলেন, এ বিষয়ে তার কোনো আগ্রহ নেই। এটি তার জীবনের একটি সম্পন্ন হয়ে যাওয়া অধ্যায় বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে পরবর্তী বন্ডকন্যা নিয়ে মানুষের এত আগ্রহের কারণ নিয়েও বিস্ময় প্রকাশ করেন এই অভিনেত্রী।

wsotCog.jpeg

তবে পডকাস্টটি রবার্ট প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে ঘোষণার আগেই ধারণ করা হয়েছিল। নতুন বন্ড সিনেমা প্রসঙ্গে অবশ্য আশাবাদী লেয়া সেদু। তার মতে, আমাজন এমজিএম স্টুডিওর হাতে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব যাওয়ার মধ্য দিয়ে নতুন একটি যুগের সূচনা হয়েছে। তিনি বলেন, এটি এখন আমেরিকান হয়ে গেছে।

নতুন বন্ড সিনেমাটি পরিচালনা করছেন ডেনিস ভিলনভ। তার সঙ্গে ‘ডিউন: পার্ট টু’ সিনেমায় কাজ করেছেন লেয়া সেদু। পরিচালকের ওপর আস্থা থাকায় নতুন সিনেমাটি নিয়ে আশাবাদী তিনি।