সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভেতরে তৈরি হওয়া উত্তেজনা ও শৃঙ্খলাজনিত সমস্যা নিরসনে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান কোচ থমাস ডুলি, জাতীয় দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের বিষয়টি সমাধানে কাজ করবেন তিনি।

শনিবার সন্ধ্যায় বাফুফে ভবনে অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া সভা শেষ হয় রাত ৭টা ৪০ মিনিটে। সভায় প্রধান কোচ থমাস ডুলিও উপস্থিত ছিলেন।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের হারের পর দলের ভেতরের পরিবেশ নিয়ে নানা প্রশ্ন ওঠে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের মধ্যে দায়িত্ব ও ভূমিকা নিয়ে মতবিরোধের বিষয়টিও সভায় আলোচনায় আসে।

জাতীয় দল কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, দলের শৃঙ্খলা ও অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সমস্যা সমাধানে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, এসব বিষয় সভায় আলোচনা হয়েছে। টেকনিক্যাল ডিরেক্টরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর দেখা যাবে না। সাফ চ্যাম্পিয়নশিপের পর থেকেই জাতীয় দলের অভ্যন্তরে কোচিং স্টাফ, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের খবর সামনে আসে। কয়েকজন সিনিয়র খেলোয়াড় দলের ব্যবস্থাপনা ও কোচিং পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে প্রধান কোচ থমাস ডুলি খেলোয়াড়দের পেশাদারিত্ব, প্রতিশ্রুতি ও আচরণ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন।

অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফরোয়ার্ড শেখ মোরসালিনকে নিয়ে ডুলির সমালোচনা এবং দলের ব্যবস্থাপনা নিয়ে জামালের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এ ছাড়া কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের টিম মিটিংয়ে দেরিতে আসা, সাফের পর জামালের ক্যাম্প ছাড়ার ঘটনা এবং কোচকে নিয়ে তার পরবর্তী মন্তব্যও সভায় আলোচনায় আসে।

একই সঙ্গে দলের পারফরম্যান্সের দায় নিয়ে টিম ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের প্রকাশ্য মন্তব্য নিয়েও আলোচনা হয়েছে। বাফুফে এখন দুই পক্ষের অবস্থান বিবেচনা করে জাতীয় দলের শৃঙ্খলা ও যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার উদ্যোগ নিয়েছে।

সভায় থমাস ডুলির কোচিং স্টাফ নিয়োগ এবং সেই নিয়োগের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে জানান আমিরুল ইসলাম বাবু। কোচিং ও সাপোর্ট স্টাফের অন্য সদস্যদের সঙ্গেও আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বাফুফে।

তবে সভায় থমাস ডুলিকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত তাকে বরখাস্ত করা হচ্ছে না। ডুলিকে রাখা হবে নাকি সরিয়ে দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরই আবার সভা হবে। পরবর্তী সময়ে কোনো সুপারিশ এলে তা বাফুফের নির্বাহী কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে।

নিজেদের মাঠে অনুষ্ঠিত এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সেই অভিযান শেষ হয়।