এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয় পেল রিয়াল মাদ্রিদ। ম্যাচে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কার্লোস এসপি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন তিনি।
সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুটা অবশ্য রিয়ালের জন্য ছিল হতাশার। ম্যাচের ষষ্ঠ মিনিটেই পাবলো দুরানের গোলে এগিয়ে যায় সেল্টা ভিগো। দ্রুত আক্রমণ থেকে উইলিয়ট সুইডবার্গের বাড়ানো বল পেয়ে লক্ষ্যভেদ করেন দুরান।
সমতা ফেরানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি রিয়াল। ডিয়োমান্ডের ক্রস থেকে বার্নার্দো সিলভার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। হাভি রদ্রিগেজের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন এই ফরাসি তারকা, তবে তার নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠে নামান কোচ হোসে মরিনিয়ো। বদলি হিসেবে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের ৫৫তম মিনিটের দিকে ভিনিসিয়ুসের বাড়ানো বল থেকে সুযোগ তৈরি করেন এমবাপ্পে। তার পাস পেয়ে নিখুঁত শটে রিয়ালকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। লা লিগায় এটি ছিল বেলিংহ্যামের পঞ্চম গোল।
এরপর জয় পেতে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় রিয়াল। শেষ পর্যন্ত ৮৫তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়ে ভিনিসিয়ুস ক্রস করেন কার্লোস এসপির উদ্দেশে। তার হেড গোলরক্ষক ইয়োনুত রাদু ঠেকিয়ে দিলেও ফিরতি বলে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন এসপি।
লা লিগায় এটি এসপির তৃতীয় গোল। মজার বিষয়, তার করা তিনটি গোলই রিয়াল মাদ্রিদকে শেষ মুহূর্তের জয় এনে দিয়েছে।