সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশী মদ (Cosmos Fifty) জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ নভেম্বর ২০২৬ তারিখ ০৫৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপি হতে ০১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ জনৈক আব্দুল আজিজের আম বাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশী মদ (Cosmos Fifty) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য-৯১,৪০০/- (একানব্বই হাজার চারশত) টাকা। বিজিবি’র পক্ষ হতে এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।