মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০৫৯৩। বাসটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত। বাসটির মালিক স্থানীয় ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা আবু জাফর।
স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা হয়েছিল। শনিবার দিবাগত রাতে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম জানান, প্রথমে মসজিদের মাইকে পল্লী বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘোষণা শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, চলমান পরিস্থিতিতে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।
তিনি আরও জানান, জেলার বিভিন্ন স্থানে পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।