খুলনার তেরখাদা উপজেলায় মাফিক সরদার নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মোকামপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাফিক সরদার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে তিনি মোকামপুর বাজার থেকে ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।