হবিগঞ্জের মাধবপুরে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ঘুমন্ত স্বামী মামুন মিয়াকে (৩২) পাথরের শিল দিয়ে আঘাত করার ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন স্ত্রী মমতা বেগম (২৫)। শনিবার (২১ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মমতা বেগমকে আদালতে হাজির করেন। আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা জানান, বিয়ের পর থেকেই স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেত। এমনকি তাদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দেওয়া হতো বলে তিনি দাবি করেন।

মমতার ভাষ্য অনুযায়ী, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি এ ঘটনা ঘটান। ঘটনার দিন মামুন ঘুমিয়ে পড়ার পর পাথরের শিল দিয়ে তার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে চারবার আঘাত করেন। পরে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

আহত মামুন মিয়া ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। তার স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।

মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার দিন মমতা তাকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়লে পাথরের শিল দিয়ে মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামুন ও মমতার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মমতা বেগম আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।