বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনটির ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে বিকেল সাড়ে ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গাজী ওয়াজেদ আলম।
নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির ও এ এস এম সাইফুল্লাহ। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল।
সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি রামপ্রসাদ সরকার দীপু ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আরফিন আহমেদ আপেল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি সোহেল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা পারভেজ এবং সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি রিপন আনসারী। একই পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি আবুল বাসার আব্বাসী।
নবনির্বাচিত এই কমিটি ২০২৬-২০২৯ মেয়াদে দায়িত্ব পালন করবে।
ত্রিবার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু। মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।
নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে চান তারা। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানিকগঞ্জের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, দুর্ভোগ ও ভোগান্তির পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি মানিকগঞ্জের সার্বিক উন্নয়নেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।