হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মো. ইউসুফ আলী (৪৯)। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। অপরজন একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”