ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ৩৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার স্থানীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার কর্মকর্তা রিজকি দিউয়ান্তো এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত ৩৯ জনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে কতজন কর্মী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।