কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে দোহা চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসর। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হওয়া নয় দিনব্যাপী এ উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
দোহা চলচ্চিত্র ইনস্টিটিউট আয়োজিত এবারের উৎসবে ৬০টি দেশের মোট ১০৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ১৭টি সিনেমার বিশ্ব প্রিমিয়ার এবং ৪৮টি চলচ্চিত্রের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক চলচ্চিত্রের পাশাপাশি আরব বিশ্বের নির্মাতাদের চলচ্চিত্রও এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ইয়েমেনি-ব্রিটিশ নির্মাতা সারা ইসহাকের ‘দ্য স্টেশন’ (আল মাহাত্তাহ)। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের নারীদের জীবনসংগ্রাম, পারস্পরিক সংহতি ও টিকে থাকার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। নারীদের জন্য নির্ধারিত একটি পেট্রল স্টেশনকে ঘিরে এগিয়েছে এর কাহিনি।
এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস এবং সিরিয়ার জনপ্রিয় অভিনেতা তাইম হাসান। চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের ‘ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
উৎসবে অংশ নিচ্ছেন ভারতীয় অভিনেতা আদিল হুসেইন ও নেহা ধুপিয়া, মার্কিন নির্মাতা জেমস গ্রে, জাপানি নির্মাতা নাওমি কাওয়াসে, ইতালীয় নির্মাতা জিয়ানফ্রাঙ্কো রোসি এবং ব্রিটিশ অভিনেতা জিম কার্টারসহ আন্তর্জাতিক অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ।
উৎসবে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কাতারে নির্মিত চলচ্চিত্র এবং তরুণ নির্মাতাদের জন্য ‘আজিয়াল’ প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে। এসব পুরস্কারের মোট অর্থমূল্য তিন লাখ মার্কিন ডলারের বেশি। উপসাগরীয় অঞ্চলের চলচ্চিত্রকে গুরুত্ব দিতে এবারের আয়োজনে যুক্ত হয়েছে ‘সিনেমা আল খালিজ’ কর্মসূচিও।
দোহা চলচ্চিত্র ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও উৎসব পরিচালক ফাতমা হাসান আল রেমাইহি বলেন, চলচ্চিত্র ভৌগোলিক সীমানা অতিক্রম করে মানুষের মধ্যে সংযোগ তৈরি করে। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সাহসী ও ব্যতিক্রমী গল্প তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দোহা চলচ্চিত্র উৎসব কাজ করছে।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে থাকছে নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে আলোচনা, বিশেষ অধিবেশন, সংগীতানুষ্ঠান এবং তরুণ নির্মাতাদের জন্য নানা আয়োজন। কাতারা কালচারাল ভিলেজ, মুশাইরিব ডাউনটাউন দোহা ও ইসলামিক আর্ট জাদুঘরসহ দোহার বিভিন্ন স্থানে এসব আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।