লাখাই উপজেলার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সভাপতি মোঃ ফজলে রাব্বির নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে শিক্ষার্থী পরিচয়পত্র (আইডি কার্ড) আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলে রাব্বির সভাপতিত্বে এবং শিক্ষক মলয় চন্দ্র দেবের সঞ্চালনায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাইসা আক্তার এবং পবিত্র গীতা পাঠ করেন ইচ্ছে রানী দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায়, বিদ্যালয়টির সদ্য বিদায়ী প্রধান শিক্ষক ফজলুল করিম এবং লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন।
এছাড়াও আলোচনা অংশ নেন উপজেলা বিএনপির শামসুল ইসলাম সমসু, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, শিক্ষক আয়েশা সিদ্দিকা ও রবিউল ইসলাম রবিসহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তারেক হাসান বলেন, "শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষকদের মেধা ও মননের সমন্বয় ঘটিয়ে পাঠদানে ব্রতী হওয়ার আহ্বান জানাচ্ছি।"
সভায় বক্তারা বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদানের চমৎকার ও যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. ফজলে রাব্বির ভূয়সী প্রশংসা করেন। তারা উল্লেখ করেন, এই পরিচয়পত্র শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি তারেক হাসান ও অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র তুলে দেন।