দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর জন্য প্রয়োজনীয় হিসাব খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।
নির্দেশনা অনুযায়ী, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। তবে ছাত্রদের জন্য বিদ্যমান নিয়মেই উপবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে উপবৃত্তির অর্থ শিক্ষার্থীদের কাছে পাঠানো হবে। এজন্য যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।
ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে যেসব ছাত্রীর নাম অন্তর্ভুক্ত রয়েছে কিংবা যারা উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন হবে না। তবে উপবৃত্তি না পাওয়া ছাত্রীদের অথবা তাদের অভিভাবকদের নামে প্রয়োজনীয় হিসাব খুলতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।
বাবা বা মায়ের নামে তফসিলি ব্যাংক কিংবা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে সেই হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। নতুন হিসাব খোলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবককে আবেদনপত্রে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।
বাবা-মা কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের নামে তফসিলি ব্যাংকে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অভিভাবক হিসেবে যাকে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে অবশ্য বিশেষ শর্ত দেওয়া হয়েছে। বাবা অথবা মা জীবিত থাকলেই শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে। এজন্য বাবা-মায়ের মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং তার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব খোলার সময় কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করলে জিটুপি ব্যবস্থায় উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।
কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে উল্লেখিত আপন ভাই-বোন, দাদা-দাদি বা নানা-নানির কেউ না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। তথ্য এন্ট্রির সময় ওই প্রত্যয়নপত্র এইচএসপি-এমআইএসে আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীরা শুধু নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।
স্কুল ব্যাংকিং হিসাব শিক্ষার্থীর নামেই খুলতে হবে। তবে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। তখন শিক্ষার্থীকে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে নিজের নামে থাকা হিসাবটি হালনাগাদ করতে হবে।
এ ছাড়া নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ইআইআইএন নম্বরধারী শিক্ষাপ্রতিষ্ঠান এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবে। এজন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের ক্ষেত্রে কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনের মাধ্যমে নতুন পাসওয়ার্ড তৈরি করে ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে বলা হয়েছে।
উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিষয়টি অবহিত এবং কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।