ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মহব্বত’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনয় করছেন—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সেই গুঞ্জনের অবসান ঘটেছে। সিনেমাটিতে কিয়ারা নন, পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিই শাকিবের নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন।

হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নেক্সট’। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকেই ধারণা করেন, ‘মহব্বত’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে কিয়ারাকে।

তবে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া সূত্রে জানা গেছে, ‘মহব্বত’ সিনেমার নায়িকা হিসেবে আগেই পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে চূড়ান্ত করা হয়েছে। ফলে এই সিনেমায় কিয়ারা আদভানির অভিনয়ের কোনো সম্ভাবনা নেই।

LWUQ9lr.png

এ বিষয়ে প্রযোজক আরশাদ আদনানও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মহব্বত’-এর নায়িকা আগে থেকেই চূড়ান্ত। সিনেমাটিতে কিয়ারা আদভানি থাকছেন না। তবে ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো প্রকল্পে কিয়ারাকে দেখা যাবে কি না, তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিষয়টি চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ধারণা করা হচ্ছে, প্রযোজকের ‘নেক্সট’ পোস্টটি আগামী বছরের নতুন কোনো প্রকল্পে কিয়ারাকে যুক্ত করার ইঙ্গিত হতে পারে। এর আগে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা প্রযোজনা করে আলোচনায় আসেন আরশাদ আদনান।