বিজয়নগরে ৪ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ, ধরাছোঁয়ার বাইরে চোরাকারবারিরা। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে রাতের আঁধারে কোটি কোটি টাকার ভারতীয় পণ্য পাচারের চেষ্টা থামাতে অভিযান চালিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এবার চোরাকারবারিদের নিশানায় ছিল মোবাইল ফোনের ডিসপ্লে।
তবে সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের আগেই বিজিবির পাতা ফাঁদে পড়ে ফেলে যেতে হয়েছে বিপুল পরিমাণ অবৈধ পণ্য। অভিযানে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। তবে অভিযানের সময় ১৫ থেকে ২০ জনের একটি চোরাকারবারি দল পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার ২১ নভেম্বর রাত আনুমানিক ২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে ফাঁদ পাতে। এ সময় ভারতের দিক থেকে মাথায় কার্টন নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে কার্টনগুলো ফেলে দ্রুত পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ফেলে যাওয়া কার্টন তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। আটক মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এক অভিযানে কোটি টাকার চালান, পেছনে আরও বড় চিত্র।
শুধু একটি চালান জব্দেই সীমাবদ্ধ নয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে চলতি নভেম্বর মাসেও একাধিক অভিযান চালিয়েছে ২৫ বিজিবি। ব্যাটালিয়নটির দেওয়া তথ্যমতে, নভেম্বর মাসে এ পর্যন্ত ৭ হাজার পিস ইয়াবা, ৭১ কেজি গাঁজা, ১০১ বোতল ইস্কফ, ৮১ বোতল বিদেশি মদ এবং ৮৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।
অন্যদিকে গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত এক বছরে ব্যাটালিয়নটির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ মোট ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭১ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এর মধ্যে অন্যান্য চোরাচালানি পণ্যের মূল্য প্রায় ১০৭ কোটি টাকা। এসব অভিযানে ২৪ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে ব্যাটালিয়নটি।