মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা বাড়ার মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির একটি নৌ বিশ্ববিদ্যালয় ও কয়েকটি নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের পৌঁছানোর পর থেকেই কিমের গতিবিধি নিয়ে ব্যাপক নজরদারি ও জল্পনা শুরু হয়। এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে কিমের সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। চলতি এশিয়া সফরের আগে তিনি আবারও উত্তর কোরীয় নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
চীন মঙ্গলবার সম্ভাব্য বৈঠক সম্পর্কে ‘কোনো তথ্য নেই’ বলে জানালেও পরে ম্যানিলায় ট্রাম্প বলেন, কিম চীনে তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহী হতে পারেন। তবে ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, বুধবার দেশের পূর্ব উপকূলে অবস্থিত একটি নৌ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন কিম। সেখানে তিনি সামুদ্রিক প্রতিরক্ষা ও দক্ষ নৌবাহিনী বিশেষজ্ঞ তৈরির গুরুত্ব তুলে ধরেন। কিম বলেন, ‘সবচেয়ে দুষ্ট শত্রুদের সঙ্গে অব্যাহত সংঘাত আরও দক্ষ নৌ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষজ্ঞ তৈরির প্রয়োজনীয়তা বাড়িয়ে দিয়েছে।’
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে সামরিক পোশাক পরা শিক্ষার্থীদের কিমকে অভিবাদন জানাতে দেখা যায়। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক কর্মকর্তা বুধবার বলেছেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ সংলাপের বিষয়টি এখনো ‘অনিশ্চিত’। কিমের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট অগ্রগতির তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, কিমের সাম্প্রতিক পবিত্র মাউন্ট পেকতু সফর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের ইঙ্গিত হতে পারে। অতীতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিমের ওই পর্বত সফরের নজির রয়েছে। ফলে তিনি চীনের শেনঝেনে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, চীন কিমকে শেনঝেন সম্মেলনে যাওয়ার জন্য উড়োজাহাজ সরবরাহ করতে পারে। এর মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্ভাব্য যোগাযোগের মধ্যেও পিয়ংইয়ংয়ের ওপর নিজেদের প্রভাব ধরে রাখতে চাইতে পারে বেইজিং।
২০১৮ সালে সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক প্রথম বৈঠকে যাওয়ার সময়ও কিম চীনের সরবরাহ করা এয়ার চায়নার একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ ব্যবহার করেছিলেন। ট্রাম্প ও কিমের আগের তিন বৈঠকের মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা। তবে এসব বৈঠক কোনো কার্যকর চুক্তিতে পৌঁছাতে পারেনি। জাতিসংঘের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছে এবং নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা আইনে অন্তর্ভুক্ত করেছে।
বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে উত্তর কোরিয়ার আগ্রহ কমিয়ে দিয়েছে। ফলে ট্রাম্পের নতুন করে কিমের সঙ্গে আলোচনার উদ্যোগ বাস্তবায়ন হওয়া এখনো অনিশ্চিত।