গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ২৮ জনকে। সোমবার দেশটির কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার গভীর রাতে নৌকাটি থেকে বিপৎসংকেত পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করে গ্রিসের সামুদ্রিক পুলিশ। তবে প্রবল বাতাস ও উত্তাল সমুদ্রের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়।

কর্তৃপক্ষ জানায়, রোববার কাছাকাছি দিয়ে যাওয়া অন্য একটি নৌকার সহায়তায় সুদানের ২৮ নাগরিককে জীবিত উদ্ধার করা হয়। এ সময় একজনের মরদেহও উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের একটি পুলিশি জাহাজে করে ক্রিট দ্বীপে নেওয়া হয়।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে একটি উদ্ধারকারী জাহাজ ক্রিট দ্বীপের দক্ষিণে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়া নৌকাটি শনাক্ত করে। পরে নৌকার ভেতর থেকে আরও সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।

লিবিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের উদ্দেশ্যে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দেওয়া অভিবাসীদের জন্য গ্রিসের ক্রিট দ্বীপ বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ হয়ে উঠেছে। উন্নত জীবনের আশায় এ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন বহু অভিবাসী।

তবে উত্তাল সমুদ্র ও ঝুঁকিপূর্ণ নৌযাত্রার কারণে প্রায়ই এ পথে নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটছে। সাম্প্রতিক এ দুর্ঘটনাও অভিবাসনপ্রত্যাশীদের বিপজ্জনক সমুদ্রযাত্রার ঝুঁকিকে আবারও সামনে এনেছে।