সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে তার আইনজীবীরা একটি চিঠি পাঠিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে ওই চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ অবস্থায় তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি থেকে উদ্ভূত বাধ্যবাধকতার ভিত্তিতে তার আবেদন দ্রুত নিষ্পত্তিরও অনুরোধ করা হয়েছে চিঠিতে। এদিকে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান। তার দলের সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। গত বছরের নভেম্বরে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে বলে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।