ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রীশ্রী রাধামাধব আখড়ার কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একজন পলাতক ব্যক্তির ভাঙারি দোকান থেকে বিভিন্ন দেবদেবীর পিতল ও তামার মূর্তিসহ চুরি যাওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০ টা থেকে ১২ অক্টোবর সকাল ৭ টার মধ্যে যে কোনো সময় আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায় শ্রীশ্রী রাধামাধব আখড়ার কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার পরপরই তদন্তে নামে আখাউড়া থানা পুলিশের একাধিক দল।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ১২ অক্টোবর রাতেই প্রথমে জারু মিয়া প্রকাশ আকবর হোসেনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আকাশ মালদার প্রকাশ হাসিবের সম্পৃক্ততার তথ্য দেন বলে জানিয়েছে পুলিশ। পরে অভিযান চালিয়ে আকাশ মালদার প্রকাশ হাসিবকেও গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার জারু মিয়ার বাড়ি থেকে দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, চারটি নকল মুকুট, দুটি বাঁশি, একটি চাঁদ ও একটি রুপার চেইন উদ্ধার করা হয়েছে।
এদিকে, গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে অভিযান চালিয়ে পলাতক আসামি তাজুল ইসলামের আখাউড়া থানাধীন মসজিদপাড়ার একটি ভাঙারি দোকান থেকে আরও মালামাল উদ্ধার করে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে রাধারানির একটি বড় পিতলের মূর্তি, গৌর-নিতাইয়ের দুটি পিতলের মূর্তি, গোপালের একটি ছোট পিতলের মূর্তি, একটি পিতলের কাঁসি, একটি পিতলের গাছা, একটি পঞ্চপ্রদীপ, তিন জোড়া পিতলের করতাল, একটি তামার বাটি, ছোট-বড় দুটি তামার কোসাকুসি, একটি পিতলের প্রদীপদানি এবং শঙ্খ রাখার একটি পিতলের স্ট্যান্ড।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন আখাউড়ার বড় বাজার এলাকার লাল মিয়ার ছেলে জারু মিয়া প্রকাশ আকবর হোসেন (৩০) এবং মালদারপাড়ার নজরুল মালদারের ছেলে আকাশ মালদার প্রকাশ হাসিব (২৮) মামলার অপর আসামি তাজুল ইসলাম (৬২) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।