ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পাঁচটি পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ১ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে। অন্যদিকে, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) চার দিনের পৃথক অভিযানে ১ কোটি ৫৯ লাখ ৭৪ হাজার ৫৯০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে।
সরাইল ব্যাটালিয়নের ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ অক্টোবর বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করে ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে। জিরাসহ কাভার্ড ভ্যানটির আনুমানিক জব্দমূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা। পরে জব্দ করা পণ্য ও যানবাহন আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়।
অন্যদিকে, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিক-নির্দেশনায় ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে চারটি পৃথক অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে বাসমতি চাল, জিরা, গরু, মোটরসাইকেল, শাড়ি, প্রসাধনসামগ্রী, এনার্জি ড্রিংকস, মদ, বিয়ার, গাঁজা ও অন্যান্য পণ্য।
বিজিবির সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।