রাজধানী ঢাকার রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন গজারিয়ার কৃতি সন্তান এবং দক্ষ পুলিশ কর্মকর্তা এ বি সিদ্দিক (এবি সিদ্দিক মাসুম)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে তিনি যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবং পরবর্তীতে গুলশান থানার তদন্ত কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, রূপনগর থানার সাবেক ওসি মো. নোমান হোসেনকে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) বদলি করা হয়েছে।
পারিবারিক পরিচয় ও ব্যক্তিগত জীবন
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘মাস্টার বাড়ির’ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এ বি সিদ্দিক মাসুম। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খোকা ছিলেন এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং বালুয়াকান্দী কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান কমিটির সভাপতি।
ছাত্রজীবন থেকেই মাসুম ছিলেন সময়ানুবর্তী, সুশৃঙ্খল ও পড়াশোনায় মনোযোগী। শিক্ষকমণ্ডলী ও বড়দের প্রতি শ্রদ্ধাবোধ এবং সত্যবাদিতা তাঁকে সহপাঠী ও এলাকাবাসীর কাছে প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।
পেশাগত দক্ষতা ও জনগণের আস্থা পুলিশ সার্ভিসে যোগদানের পর থেকেই সততা, মানবিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন এই কর্মকর্তা। দায়িত্ব পালনকালে প্রতিটি তদন্তে নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রেখে অপরাধ দমনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
চাপের মুখেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সাধারণ মানুষের সমস্যা ও মানবিক বিষয়গুলো অনুধাবন করার মানসিকতা তাঁকে একজন ব্যতিক্রমী ও আস্থাজনিত পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তুলেছে। পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তিনি সর্বদা সচেষ্ট।
একজন সৎ, যোগ্য ও মানবিক কর্মকর্তা হিসেবে এ বি সিদ্দিক মাসুমের রূপনগর থানার ওসি হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে তাঁর জন্মভূমি গজারিয়া সহ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এলাকার শিক্ষক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ তাঁর এই অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে তিনি রূপনগর থানাকে অপরাধমুক্ত রাখা ও সাধারণ মানুষের আস্থা অর্জনে এক দৃষ্টান্ত স্থাপন করবেন।