দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দরের তথ্য জানানো হয়। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

বাজুসের নির্ধারিত নতুন দরে এসব মূল্য ভ্যাটসহ প্রযোজ্য। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। এর আগে গত ৯ অক্টোবর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ মূল্য সমন্বয়ের ফলে দেশের বাজারে সব ক্যাটাগরির স্বর্ণের দাম কমেছে।