শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে পাহারার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষণ দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
খায়রুল কবির খোকন বলেন, দুর্গাপূজাকে ঘিরে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় দলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা হলে নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট সম্পর্কে সচেতন থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। পাশাপাশি, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।