হলিউডের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা আরজে মিটে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তাঁর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। অভিনেতার প্রতিনিধিরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রকাশিত প্রতিবেদনে মৃত্যুর কারণ আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে।

২০০৮ সালে প্রচার শুরু হওয়া ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান আরজে মিটে। সিরিজটিতে তিনি ব্রায়ান ক্র্যানস্টন অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলের ভূমিকায় ছিলেন। পাঁচটি সিজনেই তাঁর উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। বাস্তব জীবনেও সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন এই অভিনেতা। নিজের শারীরিক অভিজ্ঞতাকে অভিনয়ে কাজে লাগানোর পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার এবং বিনোদনজগতে তাঁদের প্রতিনিধিত্ব বাড়াতে কাজ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসনে জন্ম নেওয়া মিটে শৈশব থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে বেড়ে ওঠেন। তবে তাঁর শারীরিক অবস্থা অভিনয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে পর্দায় প্রতিবন্ধী মানুষের জীবন ও বাস্তবতা তুলে ধরেছেন তিনি। ‘ব্রেকিং ব্যাড’-এর বাইরে ‘সুইচড অ্যাট বার্থ’, ‘দ্য রিকল’, ‘দ্য ওক রুম’ এবং নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’-এ অভিনয় করেছেন আরজে মিটে।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি। ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেন। নিজের মিটে ফাউন্ডেশনের মাধ্যমেও প্রতিবন্ধী মানুষের অধিকার ও অংশগ্রহণ বাড়াতে কাজ করেছেন। মৃত্যুর আগে ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’ নামের একটি নতুন সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। ছবিটিতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন তিনি।

গত সেপ্টেম্বরের শেষ দিকে সিনেমাটির প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি অক্টোবরের শুরুতেও একটি অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের অপেক্ষায় ছিলেন মিটে। দীর্ঘদিনের প্রেমিকা কেনেডি সুয়ারেজের সঙ্গে ২০২৫ সালে তাঁর বাগ্‌দান হয়। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের সূচনা হয়েছিল।