নওগাঁর পত্নীতলায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দরিদ্র পরিবারের চুরি হয়ে যাওয়া ছাগল উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) গভীর রাতে পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকায় এ সফল অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— নওগাঁ জেলার পত্নীতলা থানার চকগোবিন্দ ডাঙ্গাপাড়া গ্রামের রহমত আলী (২২), সবুজ হোসেন ও শামীম হোসেন (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার একটি দরিদ্র পরিবারের ছাগল চুরি হওয়ার ঘটনা ঘটলে বিষয়টি নওগাঁ জেলার পুলিশ সুপারের নজরে আসে। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী পত্নীতলা থানা পুলিশ ছাগলটি উদ্ধারে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করে।
অভিযানের বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, "একটি দরিদ্র পরিবারের একমাত্র সম্বল ছাগলটি চুরি হয়ে যাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। স্থানীয় জনগণ ও গ্রাম পুলিশের সক্রিয় সহযোগিতায় কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়া থেকে তিন চোরকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে চুরি হওয়া ছাগলটি উদ্ধার করা হয়।"
ওসি নিয়ামুল হক আরও জানান, এ বিষয়ে আটককৃত আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সংবলহীন দরিদ্র পরিবারটি তাদের উদ্ধারকৃত ছাগল ফিরে পাওয়ায় পুলিশ প্রশাসন এবং স্থানীয় গ্রাম পুলিশ ও সচেতন জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।