ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বাড়িতে আকস্মিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাতটার দিকে পৌর শহরে ৬ নম্বর ওয়ার্ডের ষোলহাসিয়া গ্রামের সোহাগ মিয়ার বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।এসময় আগুনে একটি আধাপাকা বাড়ির আটটি কক্ষ এবং ভেতরে থাকা নগদ টাকাসহ সব মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে হঠাৎ ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গফরগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এতে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির মালিক সোহাগ মিয়া জানায়,মফিজ ভিলার এই বাড়িতে স্বল্প আয়ের ছয়টি পরিবার ভাড়া থাকত।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের ভাড়াটে রজব আলী ও আমিরুল জানান,’এখানে ছয়টি পরিবারের বসত ঘরের ভিতরে থাকা নগদ টাকা,টিভি ফ্রিজসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।এ ঘটনায় রমিজা ও রজব আলী দম্পতি গতকাল এনজিও থেকে উত্তোলন করা নগদ ৭০ হাজার টাকাসহ ২ লাখ টাকার মালামাল, রায়হান ও শামসুন নাহার দম্পতির এক লাখ টাকা শিল্পী ও আমিরুল দম্পতির ৬০ হাজারর টাকাসহ সকলের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রমিজা ও রজব আলী বলেন,’গতকাল মঙ্গলবার স্থানীয় একটি এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ উঠিয়ে রাখছিলাম সেই টাকাসহ ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন,’প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে বাড়িটির আটটি কক্ষ ও ভেতরের সব আসবাবপত্র পুড়ে যায়।