মানিকগঞ্জের সিংগাইরে একটি বাসার জানালার গ্রিল কেটে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২৭ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সিংগাইর পৌরসভার আজিমপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক মো. ফারুক হোসেন (৫২) সিংগাইর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাসায় তালা দিয়ে কর্মস্থলে যান ফারুক হোসেন। দুপুর ১টার দিকে বাড়িতে ফিরে তিনি জানালার গ্রিল কাটা দেখতে পান। পরে ঘরে ঢুকে আলমারি খোলা অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।
ভুক্তভোগীর দাবি, চোরেরা বাসা থেকে নগদ ৬০ হাজার টাকা, পাঁচটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের হার, দুই জোড়া কানের দুল ও দুই জোড়া স্বর্ণের চুড়ি নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের ওজন প্রায় ১৪ ভরি, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৬০ হাজার টাকা। অন্যান্য মালামালসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ২৭ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।
চুরির পর আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য পাননি বলে জানান ফারুক হোসেন।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম-৩ জানান, অভিযোগের বিষয়ে তিনি অবগত হয়েছেন। দ্রুত তদন্ত করে দেখা হচ্ছে।