নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিরাজুল ইসলাম ভূঁইয়া (৬৪) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিরাজুল ইসলাম ওই এলাকার আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে একা পেয়ে একটি নির্মাণাধীন ভবনের নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত মিরাজুল ইসলাম। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।