আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী তৎপরতা। এরই ধারাবাহিকতায় পত্নীতলায় একটি চোলাই মদের আস্তানায় অভিযান চালিয়ে ৫০০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৫ অক্টোবর (২০২৬) গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) জনাব শরিফুল ইসলাম এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর যৌথ নেতৃত্বে এ বড় ধরণের অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানাধীন নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে দেশীয় তৈরি মদ প্রস্তুত ও বিক্রির একটি আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে চোলাই মদ তৈরির ৫০০ লিটার কাঁচামাল ও উপকরণ (ওয়াশ) এবং ৯০ লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অপরাধে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
১. বিজয় চৌধুরী (৫০), পিতা- মৃত শিবু চৌধুরী (সাং- উজিরপুর) ২. রবি চৌধুরী (৪০), পিতা- সামা চৌধুরী (সাং- উজিরপুর) ৩. মোঃ সোহেল রানা (৩০), পিতা- মোঃ জাহিদুল ইসলাম (সাং- ফহিমপুর) সর্ব থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ)
অভিযান চলাকালেই পুলিশ উপস্থিত থেকে চোলাই মদ তৈরির আস্তানা ও জব্দকৃত বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ বিধি মোতাবেক ধ্বংস করে।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।