রংপুরের কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘৩য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কাউনিয়া কলেজ মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি পাপিয়া সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী, জেলা স্কাউটসের উপপরিচালক মো. রাসেল আহমেদ, কমিশনার মো. মাহবুবার রহমান ও সম্পাদক মো. আব্দুর রহিম। এ ছাড়া উপজেলা স্কাউটসের কমিশনার মোছা. শিপুন আখতার, সম্পাদক মো. ফাকের সরকার, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আসফিকা বুলবুল পেস্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, স্কাউটস পতাকা ও কাব পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধন শেষে অতিথিরা কাব স্কাউটস সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এবং ক্যাম্পুরীর বিভিন্ন তাঁবু পরিদর্শন করেন।
এবারের কাব ক্যাম্পুরীতে উপজেলার ২৮টি বিদ্যালয়ের ৩২টি দলের ইউনিট লিডার ও কাব স্কাউটস সদস্যরা অংশ নিয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনে শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে বিভিন্ন সৃজনশীল, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।