শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ঝালকাঠির চার উপজেলায় ১ হাজার ১৭৯ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েন করা হচ্ছে।
আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ছয় দিন তারা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ব্রিফিং করেন জেলা কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম।
ব্রিফিংয়ে জেলা কমান্ড্যান্ট বলেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজা মণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপি সদস্যরা। মণ্ডপের ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ—এ তিন শ্রেণিতে ভাগ করে প্রয়োজন অনুযায়ী সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার ৭২টি পূজামণ্ডপে ৫৪০ জন, নলছিটি উপজেলার ২২টি মণ্ডপে ২০০ জন, রাজাপুর উপজেলার ১৯টি মণ্ডপে ১২০ জন এবং কাঠালিয়া উপজেলার ৪৭টি মণ্ডপে ৩১৯ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
মোতায়েন করা সদস্যদের মধ্যে রয়েছেন, প্লাটুন কমান্ডার (পিসি), সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) এবং পুরুষ ও নারী আনসার-ভিডিপি সদস্য। উৎসব চলাকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা দায়িত্ব পালন করবেন।