সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা ব্যত্যয় করা যাবে না।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।দিনব্যাপী সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক মণিরামপুর থানা, পৌরসভা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় পৌরসভার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি উপজেলা পরিষদের নবনির্মিত প্রধান ফটক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।পরে তিনি ঝাঁপা ভাসমান সেতু পরিদর্শন করেন এবং নবনির্মিত রেস্ট হাউস উদ্বোধন করেন। সফরকালে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সরকারি সেবার মানোন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।