নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. হামিদা বেগম (৫৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপিনগর গ্রামের ধনতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে পত্নীতলা থানা পুলিশ। এ সময় নিজ বাড়ির সামনে থেকে হামিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার হামিদা বেগম গোপিনগর (ধনতলা) গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. পিয়ার আলী।

পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।