বাগেরহাটের চিতলমারী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় "পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প (RRMEP)"-এর অধীনে নারী কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এলজিইডি’র আইডিভূক্ত অনুমোদিত সড়কসমূহ রক্ষণাবেক্ষণের কাজে এই কর্মীদের নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বিধবা, দুস্থ, অসহায়, স্বামী পরিত্যক্তা এবং পরিবারের প্রধান নারী কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার পাশাপাশি পূর্বে সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা না থাকার শর্ত রাখা হয়েছে।
আগামী ২৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে:
বড়বাড়িয়া ইউনিয়ন: ২৫ অক্টোবর, সকাল ১০:০০ টা (বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ) কলাতলা ইউনিয়ন: ২৬ অক্টোবর, সকাল ১০:০০ টা (কলাতলা ইউনিয়ন পরিষদ) হিজলা ইউনিয়ন: ২৬ অক্টোবর, দুপুর ২:০০ টা (হিজলা ইউনিয়ন পরিষদ) চিতলমারী সদর ইউনিয়ন: ২৭ অক্টোবর, সকাল ১০:০০ টা (চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ) শিবপুর ইউনিয়ন: ২৭ অক্টোবর, দুপুর ২:০০ টা (শিবপুর ইউনিয়ন পরিষদ) চরবানিয়ারী ইউনিয়ন: ২৮ অক্টোবর, সকাল ১০:০০ টা (চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ) সন্তোষপুর ইউনিয়ন: ২৮ অক্টোবর, দুপুর ২:০০ টা (সন্তোষপুর ইউনিয়ন পরিষদ)
উপজেলা প্রকৌশলী জানান, বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের নিজ নিজ ইউনিয়ন পরিষদে নির্ধারিত দিনে জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ১ কপি ফটোকপিসহ উপস্থিত থাকতে হবে। এছাড়া উক্ত বাছাই কার্যক্রমে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) এবং একজন এনজিও কর্মীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের পাশাপাশি প্রান্তিক নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।