দীঘিনালা (খাগড়াছড়ি): পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করতে আবারও মানবিক হাত বাড়িয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালি ইউনিয়নের দূরবর্তী কাটারুংছড়া বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়নে ঢেউটিন প্রদান করেছে দীঘিনালা সেনা জোন। একই সাথে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আয়োজন করা হয় এক বিশেষ মেডিকেল ক্যাম্পের।
রবিবার (১৮ অক্টোবর) সকালে দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি-এর দিকনির্দেশনায় এবং জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার কর্নেল আরেফ (আরএমও)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিহার চত্বরে স্থানীয় পাহাড়ি সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হয়।
সেনাবাহিনীর এই অনন্য উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় পাহাড়িরা। এলাকাবাসী জানান, দুর্গম পাহাড়ের বুকে চিকিৎসা সুবিধা পৌঁছানো এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সৌহার্দ্য ও সম্প্রীতিকে আরও মজবুত করবে।