তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়ে তোলা এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত ‘তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্দেশিকা’ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বেলা ১২:০০ টায় সাতক্ষীরা পৌরসভার কনফারেন্স রুমে সাতক্ষীরা পৌরসভা, বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউবিবি ট্রাস্ট, যুগের যাত্রী, মৃত্তিকা, সুন্দরবন ফাউন্ডেশন, প্রভা ও মৌমাছির যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট মোঃ জিয়াউর রহমান, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আকতার হোসেন তালুকদার, সেনেটারি ইন্সপেক্টর মোঃ রবিউল আলম, সহকারী লাইসেন্স কর্মকর্তা মোঃ রাহান আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, মৃত্তিকার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম, প্রভা সংস্থার নির্বাহী পরিচালক শাম্মী আক্তার কুমকুম, সুন্দরবন ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুর রহমান, সুজিত কুমার নাথ স্বাস্থ্য সহকারী রুপান্তরের নাসরিন সুলতানা মৌ ও রত্না খাতুন
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তামাকজনিত রোগ, অকালমৃত্যু এবং পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে পৌরসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এ লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন ও স্থানীয় সরকার নির্দেশিকার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, তামাকমুক্ত পৌরসভা গড়ে তুলতে শুধু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করলেই হবে না; প্রয়োজন কার্যকর প্রশাসনিক উদ্যোগ, নিয়মিত মনিটরিং, পৃথক বাজেট বরাদ্দ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত অংশগ্রহণ। তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সাতক্ষীরা পৌরসভার মাধ্যমে আগামী দিনে সাতক্ষীরা কলেজ পর্যায়ে এবং তামাক জাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণ করা হবে, পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কমিটির মাধ্যমে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে যে সকল তামাকজাত দ্রব্য বিক্রি হয় সেগুলো অপসারণের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। তামাক নিয়ন্ত্রণ কমিটি পৌরসভা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় কমিটি গঠন এবং নিয়মিত সভা ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে।
আলোচনা সভায় সাতক্ষীরা পৌরসভাকে একটি স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও তামাকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে স্থানীয় সরকার নির্দেশিকার কার্যকর বাস্তবায়ন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং জবাবদিহিমূলক মনিটরিং ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।