ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ১০০ কেজি গাঁজাসহ মো. সাকিব মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকবহন ও বিক্রির সঙ্গে জড়িত আরও ৫-৬ জন পালিয়ে যায়। সোমবার (১৯ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকার একটি পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর এলাকায় অভিযান চালায় এসআরবির একটি আভিযানিক দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি গাঁজাভর্তি চটের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সাকিব মিয়াকে আটক করা হয়। অন্য ৫-৬ জন পালিয়ে যায়।
অভিযানকালে ফেলে যাওয়া ১০ টি চটের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাকিব মিয়া বিজয়নগর উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম মাসুদ মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ও পলাতক ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানা গেছে।
এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এবং পলাতক ব্যক্তিদের সংশ্লিষ্টতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রক্রিয়াসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা গাঁজা বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।