ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম আসর বসতে যাচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। এবারের জমকালো আয়োজন উপস্থাপনা করবেন ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার থিয়েরি অঁরি ও ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক কেট স্কট। আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়ামে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
সোমবার রাতে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে উপস্থাপক হিসেবে অঁরি ও কেট স্কটের নাম ঘোষণা করে আয়োজক ফ্রান্স ফুটবল ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ব্যালন ডি’অরের ইতিহাসে এবারের আয়োজন বিশেষ গুরুত্ব বহন করছে। পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো ফ্রান্সের রাজধানী প্যারিসের বাইরে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ জন্য বেছে নেওয়া হয়েছে লন্ডনকে, যে শহরের ফুটবল ইতিহাসের সঙ্গে থিয়েরি অঁরির নাম গভীরভাবে জড়িয়ে আছে।
সাবেক এই ফরাসি ফরোয়ার্ড ২০০৩ সালে ব্যালন ডি’অরের ভোটে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। পুরো ক্যারিয়ারে মোট নয়বার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৯ সালে বার্সেলোনার হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জেতেন অঁরি।
তবে ক্লাব ফুটবলে অঁরির সবচেয়ে স্মরণীয় সময় কেটেছে ইংলিশ ক্লাব আর্সেনালে। লন্ডনের উত্তরাঞ্চলের এই ক্লাবের হয়ে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন তিনি। বিশেষ করে ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত থেকে লিগ শিরোপা জেতা আর্সেনাল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ফরাসি কিংবদন্তি।
অন্যদিকে, কেট স্কট আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপক। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস স্পোর্টসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের অনুষ্ঠান উপস্থাপনা করেন। সেখানে থিয়েরি অঁরির সঙ্গে নিয়মিত কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। আয়োজকদের প্রত্যাশা, অঁরি ও কেট স্কটের যৌথ উপস্থাপনায় এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
ফুটবল বিশ্বের তারকা খেলোয়াড়, কোচ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের পুরস্কারজয়ীদের নাম। আয়োজনটি শুরু হবে ২৬ অক্টোবর লন্ডনের স্থানীয় সময় রাত ৮টায়। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানটি শুরু হবে ২৭ অক্টোবর রাত ২টায়।