জেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এলাকার দুস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গতকাল সোমবার বিকেলে শাড়ি বিতরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আসিফ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব সুচারুভাবে উদযাপনে বদ্ধপরিকর। দুর্গাপূজার আনন্দ যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সংসদ সদস্য বলেন, আলমডাঙ্গায় ১৮০ পিস ও চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১২০ পিস শাড়ি বিতরণ করা হচ্ছে। ইতোপুর্বে ঈদের সময় যে শাড়ি পেয়েছিলাম, সে সময়ই সেগুলো বিতরণ করা হয়েছিল। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগীরা।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিক সেক্রেটারি মোস্তফা কামাল, জেলা পূজা উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়সহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।