সংগীতের সূত্র ধরে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। দীর্ঘদিনের সেই সম্পর্ক এবার পরিণতি পেল বিয়ের মধ্য দিয়ে। বিয়ে করেছেন কোরীয়-মার্কিন গায়িকা ও গীতিকার ইজে এবং সংগীত প্রযোজক ও গীতিকার স্যাম কিম। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গত শনিবার তাঁদের বিয়ের আয়োজন করা হয়।

নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান ইজে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহও দীর্ঘদিনের। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছে স্যাম কিমের সঙ্গে তাঁর প্রেমের গল্প।

ইজের প্রকৃত নাম কিম উন-জে। ২০১৭ সালে একটি গানের লেখার সেশনে স্যাম কিমের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। সে সময় স্যাম সংগীত প্রযোজক হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে তিনি পেশা পরিবর্তন করে কোডিংয়ের কাজে যুক্ত হন। সংগীতের সূত্রে শুরু হওয়া পরিচয় অল্প সময়ের মধ্যেই বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে রূপ নেয়।

R1DWA7A.jpeg

দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৩ সালের অক্টোবরে বাগদান করেন তাঁরা। তবে ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন এই জুটি। ২০২৬ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশের মাধ্যমে বাগদানের খবর জানান ইজে। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পেশাগত জীবনেও একে অপরের সহযোগী ইজে ও স্যাম। ইজের গান লেখা ও রেকর্ডিংয়ের কাজে স্যাম নিয়মিত মতামত ও পরামর্শ দিয়ে থাকেন। রেড ভেলভেটের গাওয়া ইজের জনপ্রিয় গান ‘সাইকো’ থেকে শুরু করে তাঁর সাম্প্রতিক সংগীতকর্মেও স্যামের সহযোগিতার কথা উঠে এসেছে।

২০২৫ সালের অক্টোবরে ‘ভালচার’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইজে তাঁদের পরিচয়ের স্মৃতিচারণা করেন। তিনি জানান, স্যাম শুরুতে তাঁর গীতিকার সহযোগী ছিলেন। ২০১৭ সালে একটি গানের সেশনে তাঁদের পরিচয় হয়। এরপর একসঙ্গে কাজ করতে করতেই তাঁদের সম্পর্ক আরও গভীর হয়।

pc5cfyQ.jpeg

ইজের ভাষ্য অনুযায়ী, মঞ্চে পরিবেশনার আগে উদ্বেগ কাটিয়ে উঠতেও স্যাম তাঁকে সহায়তা করেন। ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর অন্যতম আলোচিত গান ‘হোয়াট ইট সাউন্ডস লাইক’-এর কণ্ঠের বিন্যাসও রেকর্ড করা হয়েছিল ব্রুকলিনে ইজের অ্যাপার্টমেন্টে। সেখানে স্যামও কণ্ঠ দিয়েছিলেন।

এর আগে ‘ফোর্বস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইজে জানিয়েছিলেন, নিজের গানের ডেমো গাড়িতে চালিয়ে শোনেন তিনি। গাড়ির স্পিকারে গান কেমন শোনায়, তা যাচাই করার পাশাপাশি এ বিষয়ে স্যামের মতামতও নেন। তাঁদের দৈনন্দিন জীবনেও সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান এই গায়িকা।

bFmgqJn.jpeg

২০২৫ সালে ‘দ্য টুনাইট শো স্ট্যারিং জিমি ফ্যালন’-এ ‘গোল্ডেন’ গান পরিবেশনের আগে উদ্বেগে ভুগেছিলেন ইজে। পরে জ্যাক সাং শোতে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ওই অনুষ্ঠানের আগে তাঁর প্যানিক অ্যাটাক হয়েছিল এবং সেদিন সকালে কণ্ঠও হারিয়ে ফেলেছিলেন। টানা প্রচারণার ব্যস্ততায় শরীরের ক্লান্তি বুঝতে পারেননি বলেও উল্লেখ করেন তিনি।

‘কে-পপ ডেমন হান্টার্স’-এর সাফল্য এবং বিভিন্ন পুরস্কারের মনোনয়নের মধ্য দিয়ে ইজের সংগীতজীবন এখন নতুন উচ্চতায়। এই ব্যস্ততার মধ্যেও ব্যক্তিগত ও পেশাগত জীবনে স্যাম কিম তাঁর গুরুত্বপূর্ণ সঙ্গী। দীর্ঘদিনের সহযোগিতা ও ভালোবাসার সম্পর্ক এবার বিয়ের মধ্য দিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করল।

সূত্র: পিপল, ভালচার ও ফোর্বস।