শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এ সময় তিনি অসহায় ও দুস্থ মানুষের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেলিমুজ্জামান সেলিম বলেন, "আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। উৎসব সবার, আর সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির এ ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, যুবদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।