জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং মানুষের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন অনুদান প্রদানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।
বুধবার (২১ অক্টোবর) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকায় নেপাল হালদারের বাড়ির সার্বজনীন দুর্গামন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে মানিকগঞ্জের রাজনীতিতে নানা প্রতিকূল পরিস্থিতিতেও যারা তাঁর পাশে ছিলেন, তাঁদের অবদানেই আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন তিনি। এ জন্য মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই কৃতজ্ঞতা তাঁকে দায়িত্ব পালনে জবাবদিহির মধ্যে রাখবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের জনবান্ধব কার্যক্রমের পার্থক্য জনগণকে উপলব্ধি করতে হবে। সরকারের মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করা।
দুর্গোৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকবে—এটাই তাঁর প্রত্যাশা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, জেলা জাসাসের সভাপতি মোশাররফ হোসেন শিকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ ও সদস্যসচিব তুহিনুর রহমান তুহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাজী ওবাদুর রহমান বাবুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহীউদ্দীন মঞ্জু, যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার এবং ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।