নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতা ও থানা পুলিশের তৎপরতায় মোটরসাইকেল চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বরাইচপাড়া গ্রামের মো. ফেরদৌস সরদার (৩০), পিতা মো. জামাল সরদার, গত ২৩ অক্টোবর রাতে প্রতিদিনের মতো নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি শয়নকক্ষে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ অক্টোবর সকালে আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে দেখতে পাননি। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে স্বজনদের সহযোগিতা নেন এবং রাণীনগর থানা পুলিশের শরণাপন্ন হন।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা ও পুলিশের অনুসন্ধানের ভিত্তিতে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য এবং পুলিশের অনুসন্ধানের ভিত্তিতে রাণীনগর থানাধীন করজগ্রাম খাঁনপুকুর এলাকার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।