পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান ঢাকায় আসছেন। তাঁর অভিনীত ‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। ঢাকায় আয়োজিত একটি লাইফস্টাইল প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন এই অভিনেতা।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ৪ থেকে ৮ নভেম্বর ঢাকার গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’। প্রদর্শনীর তৃতীয় দিন, ৬ নভেম্বর সেখানে উপস্থিত থাকবেন বিলাল আব্বাস খান। এ সফরে তাঁর সঙ্গে থাকবেন মা ও ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেল।
প্রদর্শনীতে ফারহানা সোহেলের নকশা করা পোশাকও স্থান পাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য আয়োজনটি উন্মুক্ত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ প্রদর্শনীতে পাকিস্তানের ঐতিহ্যবাহী জীবনধারা, বিয়ের পোশাকের বিশেষ সংগ্রহ, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য এবং দেশটির ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হবে। পাকিস্তানি সংস্কৃতি ও ফ্যাশনের সঙ্গে বাংলাদেশের দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বিলাল আব্বাস খান পাকিস্তানের টেলিভিশন নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘ইশক মুর্শিদ’, ‘মেরি জিন্দেগি হ্যায় তু’, ‘মান জোইগি’, ‘পেয়ার কে সদকে’ ও ‘চিখ’সহ বেশ কয়েকটি নাটকে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে।
বাংলাদেশে তাঁর আগমনকে ঘিরে পাকিস্তানি নাটকের ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।