ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ২ হাজার মিটার অবৈধ জাল ও একটি চায়না দুয়ারি জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) সকালে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানে নদীতে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত জালগুলো জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দ করা জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।