সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ দুই রুটে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
তবে সৌদি আরবে যাতায়াতের জন্য জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করতে পারবেন যাত্রীরা। যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান। গত ১৬ অক্টোবর থেকে চালু হওয়া এ সেবা আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
এদিকে ঢাকা-মদিনা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইট পরিচালনা ও পরবর্তী সময়সূচি সম্পর্কে প্রয়োজন অনুযায়ী পরে সিদ্ধান্ত জানানো হবে। টিকিট কেনা এবং ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।