স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই ‘এল ক্লাসিকো’র আগে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। ফ্লুতে আক্রান্ত হওয়ায় গুরুত্বপূর্ণ এ ম্যাচে খেলতে পারবেন না দলটির বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া।

রোববার দিবাগত রাতে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার কথা রিয়ালের।

ম্যাচের ঠিক আগে কোর্তোয়ার অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। নিজেদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে রিয়াল জানায়, ফ্লুজনিত উপসর্গের কারণে স্প্যানিশ লিগের দশম রাউন্ডের এ ম্যাচে থাকছেন না অভিজ্ঞ গোলরক্ষক।

কোর্তোয়ার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ইউক্রেনের তরুণ গোলরক্ষক ইলিয়া ভলোশিনকে। তবে মূল একাদশে আন্দ্রি লুনিনের খেলার সম্ভাবনাই বেশি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন কোর্তোয়া। এসব ম্যাচে ১৪টি গোল হজম করেছেন তিনি। ক্লিনশিট পেয়েছেন মাত্র দুই ম্যাচে।

এল ক্লাসিকোর আগে লা লিগার পয়েন্ট তালিকায় চাপে রয়েছে রিয়াল মাদ্রিদ। নয় ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ফলে শীর্ষ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচে কোর্তোয়ার অনুপস্থিতি রিয়ালের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।