২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যপুস্তক অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলো অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি বই অনুমোদন পেয়েছে। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামের দুটি পাঠ্যপুস্তক।
চতুর্থ শ্রেণির বই দুটির অনুমোদন দেওয়া হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন। এদিকে, ষষ্ঠ শ্রেণির বই দুটির অনুমোদন দেওয়া হয় জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির পৃথক সভায়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর বিশেষ
সহকারী গিয়াস উদ্দিন এবং প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় পরিমার্জন শেষে নতুন পাঠ্যপুস্তকগুলো ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে।